সৃজনশীল (CQ)
১. বাদল শাকসবজি খেতে চায় না, তার মা তাকে কাঁচা ফলমূলও খাওয়াতে পারে না। এর ফলে তার শরীরে নানারকম অস্বস্তি দেখা দিতে শুরু করল। ডাক্তার বললেন, এটা প্রকৃতপক্ষে কোনো রোগ নয়।
- ক) হরমোন কোথায় উৎপন্ন হয়?১
- খ) শ্বেত কণিকার দুটি বৈশিষ্ট্য লেখ।২
- গ) বাদলের কী হয়েছে বলে মনে কর? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দেখাও।৩
- ঘ) উদ্দীপকে উল্লিখিত সমস্যার কারণ ও প্রতিকার ব্যবস্থা উল্লেখ কর।৪
উত্তর দেখুন
ক) হরমোন উৎপন্ন হয় দেহের নালিহীন গ্রন্থিতে।
খ) শ্বেতরক্ত কণিকার ২টি বৈশিষ্ট্য হলো :
i. এদের নির্দিষ্ট কোনো আকার নেই (অনিয়মিত আকারের) এবং এরা লোহিত কণিকার চেয়ে আকারে বড়।
ii. এদের নিউক্লিয়াস আছে কিন্তু হিমোগ্লোবিন নেই; এরা রোগজীবাণু ধ্বংস করে দেহকে রক্ষা করে।
গ) বাদলের কোষ্ঠকাঠিন্য হয়েছে।
কোষ্ঠকাঠিন্য হওয়ার কারণ ও লক্ষণ তার মধ্যে বিদ্যমান। যেমন : সে শাকসবজি ও কাঁচা ফলমূল খায় না। এর ফলে নিয়মিত মলত্যাগ হয় না। এ কারণে তার দেহে নানারকম অস্বস্তি অনুভব করে। তাছাড়া ডাক্তার বলেছেন এটা প্রকৃতপক্ষে কোনো রোগ নয়। উপরিউল্লিখিত বাদলের রোগের সকল বৈশিষ্ট্যই কোষ্ঠকাঠিন্যের সাথে মেলে।
তাই বলা যায়, বাদলের কোষ্ঠকাঠিন্য হয়েছে।
ঘ) উদ্দীপকে উল্লিখিত সমস্যাটির নাম কোষ্ঠকাঠিন্য।
কোষ্ঠকাঠিন্যের কারণ নিম্নরূপ :
১. পৌষ্টিক নালির মধ্য দিয়ে খাদ্যবস্তুর চলন ধীর হওয়া।
২. কাঁচা ফলমূল ও শাকসবজি না খাওয়া।
৩. পায়খানার বেগ পেলে সঙ্গে সঙ্গে পায়খানায় না বসা।
৪. পরিমাণমতো পানি না খাওয়া।
কোষ্ঠকাঠিন্য প্রতিকারের উপায় হলো :
১. নিয়মিত পরিমাণমতো পানি পান করা ২. কাঁচা ফলমূল ও শাকসবজি খাওয়া।
৩. পায়খানার বেগ পেলে চেপে না রেখে সঙ্গে সঙ্গে মলত্যাগ করা।