সৃজনশীল (CQ)
১. পরেশ একদিন কান্তজি মন্দিরে গিয়ে দেখে মন্দিরের পুরোহিতগণ পূজায় ব্যস্ত। তারা ঢাক-ঢোল, ঘণ্টা, করতাল, কাঁসি, শঙ্খধ্বনি, ইত্যাদি বাজাচ্ছে। সে আরও দেখে বিচিত্রধর্মী খাওয়াদাওয়াসহ বিভিন্ন ধরনের হরেক অনুষ্ঠান পালিত হচ্ছে। তার ধারণা পূজার মাধ্যমেই ঈশ্বরের সান্নিধ্য লাভ করা যাবে।
- ক) সরস্বতী দেবীর বাহন কী?১
- খ) দেব-দেবী বলতে কী বোঝ?২
- গ) উদ্দীপকের পরেশের দেখা অনুষ্ঠানগুলোর নাম কী? ব্যাখ্যা কর।৩
- ঘ) তুমি কি মনে কর পরেশ পূজার মাধ্যমে ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারবে? মতামত দাও।৪
উত্তর দেখুন
ক) সরস্বতী দেবীর বাহন রাজহংস।
খ) ঈশ্বরের বিভিন্ন শক্তি যখন আকার পায়, তখন তাঁদের দেব-দেবী বলে। দেব-দেবীরা ঈশ্বরের সাকার রূপ। যেমন : ব্রহ্মা, বিষ্ণু, শিব, দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, গণেশ প্রভৃতি। এরা সকলেই ঈশ্বরের বিশেষ বিশেষ শক্তি বা গুণের অধিকারী। ব্রহ্মা সৃষ্টি করেন, বিষ্ণু প্রতিপালন করেন এবং শিব ধ্বংস করে ভারসাম্য রক্ষা করেন। আবার সরস্বতী বিদ্যার দেবী, গণেশ সফলতার দেবতা। এরকম অনেক দেব-দেবী রয়েছেন।
গ) উদ্দীপকের পরেশের দেখা অনুষ্ঠানগুলোর নাম পার্বণ।
পার্বণ শব্দের অর্থ হলো পর্ব বা উৎসব। পার্বণ বলতে আমরা সেসব পর্বগুলোকে বুঝি যেগুলো পূজা অনুষ্ঠানকে আনন্দময় করে, ঈশ্বরের প্রতি ভক্তি, একাগ্রতা, গভীর শ্রদ্ধাবোধ ইত্যাদি সৃষ্টি করে। পূজা অনুষ্ঠানে এ সকল বিষয়ের মধ্যে রয়েছে প্রতিমা নির্মাণ; দেবতার ঘর সাজানো; বিভিন্ন ধরনের বাদ্যের আয়োজন; বিশেষ করে ঢাক, ঢোল, ঘণ্টা, করতাল, কাঁসি, শঙ্খধ্বনি ইত্যাদি; ভক্তদের সাথে ভাব বিনিময়; কিছুটা বিচিত্রধর্মী খাওয়াদাওয়া; বিভিন্ন ধরনের আনন্দমূলক অনুষ্ঠানের আয়োজন; পরিচ্ছন্ন পোশাক-পরিচ্ছদ পরিধান ইত্যাদি।
উদ্দীপকে আমরা দেখতে পাই যে, পরেশ কান্তজি মন্দিরে গিয়ে পুরোহিতগণকে ঢাক-ঢোল, ঘণ্টা, করতাল, কাঁসি, শঙ্খধ্বনি ইত্যাদি বাজিয়ে পূজা করতে দেখে। সে আরও দেখে বিচিত্রধর্মী খাওয়া-দাওয়াসহ আরও অনুষ্ঠান। উদ্দীপকের পরেশের দেখা এই অনুষ্ঠানগুলোর নাম পার্বণ।
ঘ) পরেশ পূজার মাধ্যমে ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারবে বলে আমি মনে করি।
পূজা বলতে সাধারণত প্রশংসা করা বা শ্রদ্ধা নিবেদন করাকে বোঝায়। কিন্তু হিন্দুধর্মে পূজা হচ্ছে উপাসনার পদ্ধতি। প্রশংসা বা শ্রদ্ধা নিবেদনে পুষ্প, ধূপ, দীপ ইত্যাদি নৈবেদ্য দিয়ে দেব-দেবীর স্তুতি ও গুণকীর্তন করাই পূজা। পূজায় আরাধ্য যে দেব-দেবী তাঁরা ঈশ্বরেরই বিভিন্ন গুণ বা শক্তি। অর্থাৎ দেব-দেবীরা ঈশ্বরের সাকার রূপ। তাই দেবদেবীর পূজা ঈশ্বরেরই পূজা।
পূজার মাধ্যমে ঈশ্বরের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সৃষ্টি হয়। ধর্মীয় বিশ্বাস প্রবল হয়। উদ্দীপকের পরেশ কান্তজি মন্দিরে পুরোহিতদের পূজা দেখে তার মধ্যেও পূজা করার বাসনা জাগে। সে এ পূজার মাধ্যমে ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে চায়।
আমার মতে পরেশ যদি সঠিকভাবে পূজা করে তাহলে সে ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারবে।