সৃজনশীল (CQ)
১. তমিজ উদ্দিন তার তিন ছেলেকে সাথে নিয়ে তার জমিতে ধান, গম, সরিষা, ভুট্টাসহ নানা ধরনের ফসল চাষ করে। তার স্ত্রী ও পুত্রবধূরাও ফসল তোলার কাজে সহায়তা করে। অবসর সময়ে সে বাড়ির সামনে একটি মুদি দোকান চালায়। কিন্তু এসব কাজের জন্য কেউ তাকে কোনো বেতন দেয় না। তাতে সে মনে কষ্ট না পেয়ে বরং গর্ববোধ করে।
- ক) SAFTA এর পুরো নাম কী?১
- খ) মাঝারি শিল্প বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।২
- গ) তমিজ উদ্দিনের পরিবারের সদস্যদের কাজ কোন ধরনের অর্থনৈতিক কাজের আওতাভুক্ত তা ব্যাখ্যা কর।৩
- ঘ) তমিজ উদ্দিনের মতো মানুষের কাজ জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে—মূল্যায়ন কর।৪
উত্তর দেখুন
ক) SAFTA এর পুরো নাম South Asian Free Trade Area।
খ) যেসব শিল্প প্রতিষ্ঠানে দেড় কোটি টাকার অধিক মূলধন খাটে সেগুলোকে সাধারণত মাঝারি শিল্প বলে গণ্য করা হয়। যেমন :
হালকা ইঞ্জিনিয়ারিং, সিল্ক, সিরামিক, কোল্ড স্টোরেজ বা হিমাগার প্রভৃতি। দেশের চাহিদা পূরণ করে ও অনেক লোকের কর্মসংস্থানের মাধ্যমে এ ধরনের শিল্প জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
গ) তমিজ উদ্দিনের পরিবারের সদস্যদের কাজ প্রথাগত বা অনানুষ্ঠানিক অর্থনৈতিক কাজের আওতাভুক্ত।
অনানুষ্ঠানিক অর্থনৈতিক কার্যক্রম বলতে সেগুলোকেই বোঝায়, যেসব কাজের জন্য মজুরি নির্ধারিত নেই, করের আওতায় আনাও কঠিন এবং যেসব অর্থনৈতিক কার্যক্রম সরকার কর্তৃক নিয়ন্ত্রিত হয় না। উদ্দীপকের তমিজ উদ্দিন তার তিন ছেলেকে সাথে নিয়ে জমিতে ধান, গম, ভুট্টাসহ নানা ধরনের ফসল চাষ করেন। স্ত্রী ও পুত্রবধূরাও ফসল তোলার কাজে তাকে সহায়তা করে। এসব কাজের জন্য কেউ তমিজ উদ্দিনকে বা তার পরিবারের সদস্যদেরকে কোনো পারিশ্রমিক প্রদান করেন না। এসব কাজ করের আওতায় আনা কঠিন এবং সরকার কর্তৃক নিয়ন্ত্রিত হয় না। তাই বলা যায়, তমিজ উদ্দিনের পরিবারের সদস্যদের কাজটি অনানুষ্ঠানিক অর্থনৈতিক কাজের আওতাভুক্ত।
ঘ) তমিজ উদ্দিনের মতো মানুষের কাজ জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
অনুন্নত বা উন্নয়নশীল দেশের মতো বাংলাদেশের অর্থনীতিতে অনানুষ্ঠানিক খাত প্রধান ভূমিকা পালন করছে। গ্রামের একজন চাষি ও তার পরিবারের সদস্যরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জমিতে কাজ করেন। নিজেদের জমিতে কাজ করার জন্য তারা কোনো মজুরি নেন না বা পান না। তমিজ উদ্দিন ও তার পরিবার যে কাজ বা পরিশ্রম করে তাতে কেবল তার পরিবার নয়, সমাজ ও রাষ্ট্রও উপকৃত হচ্ছে। দেশের মোট খাদ্য চাহিদার বড় অংশ তমিজ উদ্দিনের মতো কৃষকরা উৎপাদন করছেন।
এছাড়াও গ্রাম প্রধান বাংলাদেশে তার মতো বেশিরভাগ মানুষ নিজস্ব উদ্যোগে ও শ্রমে ধান, পাট, রবিশস্য, শাকসবজি ও ফলমূল উৎপাদন, মাছ ধরা, গরু-ছাগল ও হাঁসমুরগি পালন, কুটিরশিল্প হাটবাজারে বিক্রি করার মাধ্যমে তাদের জীবিকার সংস্থান করছে। এভাবে তারা দেশের অর্থনীতির চাকা সচল রাখতে ভূমিকা রাখছে। তাই বলা যায়, তমিজ উদ্দিনের মতো মানুষের কাজ জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তাই প্রশ্নোক্ত এ কথাটি যথার্থ ও সঠিক।